
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং হুণ্ডির মাধ্যমে তা বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দায়ের করা এই মামলায় এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫৫ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য দিলেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মশিউর রহমান সাক্ষ্য প্রদান করেন। তাঁর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীদের জেরার জন্য আগামী ২৫ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর পরিবারের নিয়ন্ত্রণাধীন ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে কাগজ-কলমে ‘ভিশন ট্রেডিং’ নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মালিক সাজানো হয়। এরপর ওই প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়। পরবর্তীতে সেই টাকা কর্মচারীদের সহায়তায় তুলে নিয়ে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় এবং সেখানে সম্পদ ক্রয়ে ব্যবহার করেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এই অর্থ আত্মসাৎ ও পাচারের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এই মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকের সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। এর আগে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ জাবেদ ও তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন মশিউর রহমান। পরবর্তীতে তদন্ত কাজ শেষ করে চলতি বছরের ৫ জানুয়ারি ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এই মামলার অভিযোগপত্রে মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২