
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুর সোয়া তিনটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে উভয়পক্ষের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
জামিন শুনানির জন্য দুপুর আড়াইটার দিকে আখতারুজ্জামানকে কঠোর পুলিশি পাহারায় এজলাসে তোলা হয়। এর কিছুক্ষণের মধ্যেই বেলা ২টা ৪০ মিনিটের দিকে এজলাসের ভেতর বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা ও এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে বিচারক এজলাস থেকে নেমে যান। কয়েক মিনিট ধরে চলা এই হট্টগোল নিয়ন্ত্রণে আনার জন্য রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী ও আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক উপস্থিত সবাইকে অনুরোধ জানান। বেলা ২টা ৪৫ মিনিটে বিচারক পুনরায় এজলাসে উঠলে আখতারুজ্জামান তার পক্ষ থেকে ১০ জন আইনজীবীকে শুনানির অনুমতি দেওয়ার আবেদন জানান। এ সময় তার গলার স্বর ভাঙা শোনা যায়। শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ শোনার পর আখতারুজ্জামান এজলাসে দাঁড়িয়ে 'আল্লাহু আকবার' বলে স্লোগান দেন, যদিও উপস্থিত আইনজীবীরা তাকে থেমে যেতে বলেন।
শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন যে, রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী গতকালের ব্রিফিংয়ে আখতারুজ্জামানকে 'বাতিল মাল' বলে মন্তব্য করেছেন। এটি নিয়ে আদালতে প্রতিবাদ জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিচারক তাদের থামতে নির্দেশ দেন। আদালতের ভেতরের এই হট্টগোল নিচ পর্যন্ত গড়ায়। শুনানি শেষে সিএমএম কোর্টের সামনের রাস্তায় বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে কয়েক মিনিট ধরে ব্যাপক ধাক্কাধাক্কি ও হট্টগোল চলে, যা পরে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক শুনানিতে বলেন, আখতারুজ্জামান কয়েকবারের সাবেক সংসদ সদস্য এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি দাবি করেন, বিমানবন্দরে ট্রলি সংকটের বিরুদ্ধে প্রতিবাদ করা কোনো অপরাধ নয় এবং সিসিটিভি ফুটেজে শারীরিক আঘাতের কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, আখতারুজ্জামান গুরুতর অসুস্থ, হাই ডায়াবেটিকস ও হার্টের সমস্যায় ভুগছেন, তাই সবকিছু বিবেচনায় তাকে জামিন দেওয়া হোক। অন্যদিকে রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে বলেন, আখতারুজ্জামান বিমানবন্দরে জমজমের পানি নিক্ষেপসহ অস্বাভাবিক আচরণ করেছেন এবং কামাল উদ্দীন নামে এক কর্মকর্তাকে শারীরিকভাবে অপমান করেছেন। তিনি দাবি করেন, আখতারুজ্জামান নিজেকে বাঁচাতে জামায়াতে যোগ দিয়েছেন এবং জামিন পেলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার মদিনা থেকে আসা ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধরের হুমকি দেন। এছাড়া তার সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন, এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাকেও লাঞ্ছিত করেন। তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলেন এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন। আখতারুজ্জামান ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২