
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল আফনান হাসান ইমরানকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে—এমন খবরকে ‘গুজব’ ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতারা। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের বহিষ্কারের বিষয়ে জামায়াতে ইসলামী কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেয়নি।
গত রাতে কয়েকটি গণমাধ্যমে ‘চট্টগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এই সংবাদের জের ধরে বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে একটি মিছিলও হয়েছে বলে জানা গেছে।
মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির এ বিষয়ে বলেন, তার সাথে কথা না বলেই তার বক্তব্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভুল। তিনি আরও বলেন, ছাত্রশিবিরের জনশক্তির বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জামায়াতের নেই; এটি শিবিরের নিজস্ব বিষয়। তিনি এই ধরনের বিভ্রান্তিকর সংবাদে কান না দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন নিজের ফেসবুক আইডিতে প্রতিবাদলিপি প্রকাশ করে জানিয়েছেন, আফনান হাসান ইমরান জামায়াতের কোনো নেতা নন, তিনি ছাত্রশিবিরের দায়িত্বশীল। তিনি বলেন, ছাত্রশিবিরের কোনো দায়িত্বশীলকে জামায়াত বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। এছাড়া সাইদুল নামে অপর এক ব্যক্তির বিষয়ে তিনি বলেন, তাকে কেবল সামাজিক শৃঙ্খলা বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছিল। ব্যক্তির কোনো শরিয়াহবিরোধী কর্মকাণ্ডের দায় জামায়াত নেবে না বলে তিনি উল্লেখ করেন।
আফনান হাসান ইমরান নিজেও এই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, তাকে জামায়াত নেতা হিসেবে পরিচয় দিয়ে বহিষ্কারের সংবাদ প্রচার করা হয়েছে, যা ‘অপসাংবাদিকতা’। সংবাদে তাকে ফোনে পাওয়া যায়নি বলে উল্লেখ করা হলেও তার ফোন খোলা ছিল এবং সংশ্লিষ্ট জামায়াত নেতাদের বক্তব্যও যাচাই করা হয়নি বলে তিনি দাবি করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলের প্রসঙ্গে আফনান নিজের সহানুভূতি প্রকাশ করে প্রশ্ন তোলেন, যদি বিএনপির সঙ্গে মিলে চাঁদাবাজির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়ে থাকে, তবে ছাত্রদল কেন তার বিরুদ্ধে মিছিল করল? এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গ কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের কলেজবিষয়ক সম্পাদক সাকিব হোসাইন বলেন, ছাত্রশিবির ও জামায়াতের গঠনতন্ত্র আলাদা। এক সংগঠন অন্য সংগঠনের সদস্যের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারে না। তিনি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে একে হলুদ সাংবাদিকতা হিসেবে অভিহিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২