
পাবনা জেলা সদরের একটি গ্রাম থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে কুড়িগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। অষ্টম ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই তিন বন্ধু দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসের ভক্ত এবং টিকটকে আসক্ত ছিল। টিকটকের প্রভাবে অন্য দেশে চলে যাওয়ার ইচ্ছা থেকে তারা গত রোববার স্কুলের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। পাবনা থেকে বাসে নাটোর ও রংপুর হয়ে তারা কুড়িগ্রামে পৌঁছায়। তবে কুড়িগ্রামে গিয়ে তারা পথ হারিয়ে ফেলে এবং সন্ধ্যা নাগাদ বাস টার্মিনালে আশ্রয় খুঁজতে থাকে। একপর্যায়ে একটি অপরিচিত মহল্লায় তাদের গতিবিধি দেখে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর সন্দেহ হয়। ওই নারী কৌশলে তাদের নিজের বাড়িতে নিয়ে যান এবং তার স্বামী কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) তাজউদ্দিন আহম্মেদকে বিষয়টি জানান।
এসআই তাজউদ্দিন আহম্মেদ জানান, তিনি কৌশলে কিশোরীদের কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা সংগ্রহ করেন এবং পাবনা সদর থানা ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পাবনা সদর থানায় কিশোরীদের নিখোঁজ হওয়ার ঘটনায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা ছিল। কুড়িগ্রাম পুলিশের সহযোগিতায় পাবনা সদর থানা-পুলিশ সোমবার দুপুরে কিশোরীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ কাজ করেছে এবং তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে, সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর অভিভাবক জানান, ছোট হওয়ার কারণে তারা ভুল করেছে, তবে তাদের ফিরে পাওয়াটাই বড় পাওয়া। ২০১৩ সালে আত্মপ্রকাশ করা বিটিএস বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশেও তাদের বিশাল ভক্তগোষ্ঠী রয়েছে, যারা ‘বিটিএস আর্মি’ নামে পরিচিত।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২