
ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন। মারা যাওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম ফখরুল ইসলাম (৪২)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত সিআইডি দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সহকর্মীরা দ্রুত তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা রাত সোয়া ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব জানান, ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়েই ফখরুল ইসলামের মৃত্যু হয়ে থাকতে পারে।
ফখরুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ইলাছপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে। প্রায় দেড় মাস আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে সিআইডির এক কর্মকর্তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। জেলা পুলিশের পক্ষ থেকে রাতেই তাঁর মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তাঁর অকাল প্রয়াণে জেলা পুলিশ ও সহকর্মীরা শোকাহত।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২