
বরিশালের উজিরপুর উপজেলায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে রাখার পর এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়েছে। খবর পেয়ে বাবার কাছে ছুটে আসে তাঁর ৯ বছর বয়সী মেয়ে। ভিড়ের মধ্যে বসে বাবার পাশে কাঁদছিল সে এবং এক কাপ চায়ের মধ্যে পাউরুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছিল। বাবা ও মেয়ের এই হৃদয়স্পর্শী দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উজিরপুরের একটি বাজারের মুদিদোকানে চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হন ওই ব্যক্তি। এরপর বাজারের কয়েকজন ব্যবসায়ী তাঁকে মারধর করে রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরদিন শনিবার সকাল আটটার দিকে খবর পেয়ে সেখানে ছুটে আসে তাঁর ছোট্ট মেয়েটি। সে উপস্থিত লোকজনের কাছে তার বাবাকে আর মারধর না করার জন্য আকুতি জানাতে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের একটি খুঁটিতে ওই ব্যক্তির পা বেঁধে রাখা হয়েছে। তাঁর হাতে ছিল একটি চায়ের কাপ। মেয়েটি পাউরুটি ছিঁড়ে চায়ে ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছে এবং অসহায় দৃষ্টিতে চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে তাকাচ্ছে। বামরাইল এলাকার বাসিন্দা মিরাজ হোসেন ফরাজী নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, সকালে বাজারে এসে তাঁরা এই দৃশ্য দেখতে পান। শিশুটির এই আচরণ সবার মনে দাগ কাটে। পরে ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে ওই ব্যক্তির কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয় এবং স্থানীয়রা তাঁকে ছেড়ে দেন।
ছাড়া পাওয়ার পর ওই ব্যক্তির মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায় এবং তাঁর পরিবারের সদস্যরা এ নিয়ে কথা বলতে রাজি হননি। তবে বিকেলে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ঘটনার জন্য তিনি অত্যন্ত লজ্জিত। তাঁর দুই সন্তানের দিকে তাকিয়ে ভবিষ্যতে নিজেকে শোধরানোর চেষ্টা করবেন বলে তিনি উল্লেখ করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে স্থানীয়রা বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নেওয়ায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২