
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৭
ব্রাহ্মণবাড়িয়াসরাইলে সন্তান ও পরিবার থাকা সত্ত্বেও জীবনের শেষ প্রান্তে এসে একাকী ও অসহায় দিন কাটাচ্ছেন ৭০ বছরের বেশি বয়সী বৃদ্ধা ফুলি। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনি নিজের নাম-পরিচয়ও ঠিকমতো বলতে পারছেন না। গত বুধবার বিকেলে সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া গরুর বাজারের সামনে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক জাকিরুল ইসলাম ও স্বাস্থ্যকর্মী রাসেল চৌধুরী তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, এর আগেও বৃদ্ধা ফুলি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। সে সময় তার ছেলে বাঁশের মই দিয়ে বহন করে তাকে বাড়িতে নিয়ে গেলেও, এবার হাসপাতালে ভর্তি করার পর আর তাকে নিতে আসেননি এবং তার কোনো খোঁজখবরও নিচ্ছেন না। ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার জানান, বৃদ্ধার বাড়ি সরাইল সদরের উচালিয়াপাড়া গ্রামে এবং তার একজন ছেলে রয়েছে। তবে ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে পাওয়া গেলে বিস্তারিত জেনে আইনি ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বৃদ্ধার অসহায়ত্ব দেখে সহায়তার হাত বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সংগঠনটির তত্ত্বাবধানে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সংগঠনটির পক্ষ থেকে তার প্রয়োজনীয় ওষুধ, খাবার, পানি, চাটাই ও বালিশসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মো. আজাহার উদ্দিন জানান, পরিবারের কেউ দায়িত্ব না নিলে সংগঠনের উদ্যোগে তার চিকিৎসা চালিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে এবং পরবর্তীতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, সন্তানরা যেন তাদের বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে না নেয়, এটি আমাদের সবার মানবিক দায়িত্ব। সেই সাথে বৃদ্ধা মায়ের পরিচয় ও পরিবার খুঁজে পেতে সমাজের সচেতন মানুষদের সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২