
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও তা দ্রুততম সময়ে সমন্বয় করে জনগণকে স্বস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে দেশেও মূল্য পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউসে যশোর জেলা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে বড় ধরনের প্রভাব পড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও দাম কমানোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশে কোনো এলএনজি সংকট নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে সাময়িক বিলম্ব হয়েছিল। তবে দেশের জ্বালানি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে পুনরায় এলএনজি খালাস কার্যক্রম শুরু হয়েছে এবং দিনের মধ্যেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আশা করা হচ্ছে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘আমরা বলেছি জ্বালানি বাজার স্থিতিশীল হলে জ্বালানির মূল্য যখনই সমন্বয়ের সুযোগ হবে; বাজারের মূল্য কমে আসার সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে আমরা জনগণকে স্বস্তি দেওয়ার জন্য আরও নিম্নস্তরে মূল্য পুননির্ধারণের চেষ্টা করব।’
এদিকে যশোরবাসীর জন্য একটি সুখবর দিয়ে প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরে একটি পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য কোনো জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অন্যান্যদের মধ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২