
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রদত্ত ভাষণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বঙ্গভবন থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি এই অভিনন্দন জানান।
অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে।
রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে অগ্রযাত্রা, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার এবং একটি সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রত্যয় প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে। এছাড়া দেশের পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ কৌশলের বিষয়টিও তিনি তুলে ধরেন।
জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বিশ্বশান্তি, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, কর্মসংস্থান, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন এবং প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান ও অগ্রাধিকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি। বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট চাপ, জ্বালানি সংকট ও মুদ্রাস্ফীতির মতো বৈশ্বিক পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরার জন্য তিনি প্রধানমন্ত্রীর ভাষণের গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘকে একটি সমঝোতামূলক বিশ্বসমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে দেখার প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংঘাতময় বিশ্বে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান তিনি স্বাগত জানান। প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ: সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়টিও তার বার্তায় স্থান পায়, যা জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেয়াকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে অভিহিত করেন। সবশেষে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং তার নিরাপদ ও সফল সফর কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২