
জাতিসংঘ নিখুঁত কোনো সংস্থা নয়, তবে এটি অত্যন্ত অপরিহার্য এবং এর কোনো বিকল্প ভাবা যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে ড. খলিলুর রহমানের এই বক্তব্যটি তুলে ধরা হয়। বক্তব্যে তিনি জাতিসংঘের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের ওপর বিশেষ জোর দেন।
ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ যেসব ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, সেই বিষয়গুলো চিহ্নিত করে আমাদের মোকাবিলা করতে হবে। যেসব বৈশ্বিক ব্যবস্থা এখন আর কার্যকর ভূমিকা রাখতে পারছে না, সেগুলোতে দ্রুত সংস্কার আনা প্রয়োজন। একই সঙ্গে আলোচনার টেবিলে শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব থেকে শুরু করে তরুণ পরিবর্তনকামীদের মতো আরও বেশি বৈচিত্র্যময় কণ্ঠস্বরকে যুক্ত করার আহ্বান জানান তিনি।
আস্থার গুরুত্ব তুলে ধরে সাধারণ পরিষদের সভাপতি উল্লেখ করেন, আস্থা কেউ কাউকে এমনিতেই দিয়ে দেয় না, বরং তা কাজের মাধ্যমে অর্জন করে নিতে হয়। তিনি মনে করেন, এবারের অধিবেশনটি এমন একটি জাতিসংঘ গড়ে তোলার অনন্য সুযোগ এনে দিয়েছে, যা কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যথেষ্ট বাস্তববাদী হবে। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখবে এবং উপযুক্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনার টেবিলে নিয়ে আসার ক্ষেত্রে যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক হবে।
ড. খলিলুর রহমান বলেন, এই পদক্ষেপগুলোর মধ্য দিয়েই আমরা জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে পারি। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বর্তমানে বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংকট, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং জাতিসংঘের কার্যক্রম ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বিশ্বনেতারা নিজ নিজ বক্তব্য তুলে ধরছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২