
সরকার নির্ধারিত বাস ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ সরকারি নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত ভাড়া নিলে জরিমানার পাশাপাশি তাদের রুট পারমিট বাতিল করা হবে। এমনকি ভবিষ্যতে রুট পারমিট পাওয়ার বিষয়টি নিয়েও তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
নতুন নির্ধারিত বাস ভাড়ার প্রজ্ঞাপন আজই প্রকাশ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, গেজেট প্রকাশের মাধ্যমেই এটি কার্যকর হবে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন ভাড়া সমন্বয়ের প্রয়োজন হয়েছে। পরিবহন মালিকদের দাবি এবং ডলারের দাম বৃদ্ধির ফলে ব্যবস্থাপনা ব্যয় ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়া—সবকিছু বিবেচনা করেই সরকার এই ভাড়া নির্ধারণ করেছে।
মন্ত্রী জানান, জ্বালানির দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ায় প্রচলিত নিয়ম অনুযায়ী ভাড়া ২০ পয়সা বৃদ্ধির দাবি ছিল। তবে জনস্বার্থ বিবেচনা করে সরকার তা ১৭ পয়সায় নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, গতবার জ্বালানি তেলের দাম ১৫ টাকা বাড়লে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছিল এবং তা কার্যকর করা সম্ভব হয়েছিল। এবারও অতিরিক্ত ভাড়া নেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না।
পরিবহন খাতে অনিয়মের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, আমাদের পরিবহন খাত পুরোপুরি সুশৃঙ্খল নয়, তবে সরকার সব সময় জনস্বার্থের বিষয়টি মাথায় রেখে সমন্বয় করার চেষ্টা করে। পাশাপাশি রেলের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে তিনি জানান। এছাড়া আগামী পরশু লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠকের মাধ্যমে লঞ্চ ভাড়া চূড়ান্ত করা হবে বলেও জানান মন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২