
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে ২০৬ কোটি ৩০ লাখ বা ২.০৬ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এই আয়ের পরিমাণ প্রায় ২৫ হাজার ৩৭৫ কোটি টাকা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রবাসী আয় বেড়েছে ৩ কোটি ২০ লাখ ডলার। গত বছরের এই ২১ দিনে রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে এই সময়ের রেমিট্যান্স প্রবাহে প্রায় ১ দশমিক ৫৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার এবং আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। সব মিলিয়ে ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম ৮৩ দিনে দেশে মোট ৭৮৮ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৬৯৩ কোটি ডলার, যা থেকে এবার ১৩ দশমিক ৮০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এর আগে, ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। তার আগের ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার। দেশের বৈদেশিক মুদ্রার জোগানে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং চলতি অর্থবছরে ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়ায় তা বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও রিজার্ভ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২