
ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরের দিন শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে গফরগাঁও থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন গফরগাঁওয়ের শরীফ (২৩), তাঁর ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজীব (২৩) ও এনামুল (২২)।
পুলিশ জানিয়েছে, ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি চার আসামি পলাতক রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী প্রধান আসামি শরীফের বাড়িতে যান। এ সময় তাঁরা বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন এবং খুলে ফেলা টিনগুলো বাড়ির পাশে স্তূপ করে রাখেন। এর আগে আসামিদের পরিবারের সদস্যদের ও ঘরের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ঘটনার বিচার ও পরবর্তী করণীয় ঠিক করতে গত রবি ও সোমবার স্থানীয় লোকজন বৈঠকও করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসী। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে পানি ও কুড়াল চাওয়ার অজুহাতে পাঁচজন ওই বাড়ির দরজায় যান। প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করা হয়। এছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে টাকাও দাবি করা হয়েছিল।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ জানান, প্রধান আসামির বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্য আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২