
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৬
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থায়নের সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) একটি সমঝোতা স্মারক সই করেছে। রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও সহযোগিতা অনুবিভাগের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার এবং আইসিসিসিএডির রিসার্চ অ্যান্ড পলিসি অ্যাডভাইজার ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এই খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সমঝোতা স্মারক যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। সচিব বলেন, চুক্তির আওতায় গৃহীত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কার্যকর অবদান রাখতে হবে। একইসঙ্গে মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোর কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার সর্বোচ্চ সুবিধা গ্রহণের আহ্বান জানান তিনি। এই উদ্যোগ আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের নতুন পথ উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সমঝোতা স্মারক অনুযায়ী, আইসিসিসিএডি মন্ত্রণালয় ও এর অধীন অধিদপ্তর ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর জলবায়ু পরিবর্তনবিষয়ক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। এর মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রকল্প প্রণয়ন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া গ্রিন ক্লাইমেট ফান্ডসহ অন্যান্য আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থার সহায়তা পেতে আইসিসিসিএডি কারিগরি সহযোগিতা প্রদান করবে।
মন্ত্রণালয়ের নীতি ও কার্যক্রমে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বিষয়গুলোকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে আইসিসিসিএডি কারিগরি সহায়তা এবং নীতিনির্ধারণী সংলাপে নেতৃত্ব জোরদারে কাজ করবে। পাশাপাশি, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ)-এ অংশগ্রহণের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের মো. মীর হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা ও মূল্যায়নকোষের প্রধান ড. মো. হাবিবুর রহমান এবং আইসিসিসিএডির ব্যবস্থাপনা পরিচালক সাকিব হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২