
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে রোববার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
শনিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রতিমের এই হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও স্তব্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া রোববারের পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগগুলোর পক্ষ থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, গত শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি গভীর জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। ময়নাতদন্ত শেষে শনিবার রাত আটটার দিকে অপ্রতিমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৪২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৪৩
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২