
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে মির্জা পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখতে হাল ধরছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। অন্যদিকে, এই আসনটি নিয়ে নানা গুঞ্জন ও ব্যাপক আলোচনার কেন্দ্রে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতির জ্যেষ্ঠ কন্যা ড. শামারু মির্জা শেষ পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেননি। পারিবারিক সিদ্ধান্তের কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মনে করা হচ্ছে।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য হওয়ার পর থেকেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছিল। বিগত জাতীয় নির্বাচনে বাবার পক্ষে প্রচারণায় নেমে ভোটারদের মন জয় করা ড. শামারু মির্জাকে নিয়ে অনেকেরই প্রত্যাশা ছিল। তবে তার নির্বাচনে না আসার সিদ্ধান্তে অনুসারীদের একাংশের মাঝে কিছুটা হতাশা দেখা দিয়েছে।
উপনির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে মির্জা ফয়সাল আমিন জানান, তিনি মনোনয়ন পত্র গ্রহণ করেছেন এবং আশা করছেন ভোটের মাঠে সবাই তাকে পাশে পাবেন। তার পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই আসন থেকে জেলা বিএনপির দুই সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতান ফেরদৌস নম্র চৌধুরীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তারা দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
এদিকে, জেলা সুজনের সভাপতি এবং রাষ্ট্রপতির দীর্ঘদিনের বন্ধু আব্দুল লতিফ জানান, রাষ্ট্রপতির দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হলে মির্জা ফয়সাল আমিনের কোনো বিকল্প নেই। তাছাড়া ড. শামারু মির্জা সরাসরি বিএনপির রাজনীতির সাথে যুক্ত না থাকায় তাকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রশ্নই আসে না। একই ধরনের মন্তব্য করে জেলা নাগরিক কমিটির আহ্বায়ক ডা. খাইরুল কবির বলেন, রাষ্ট্রপতির দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতা বজায় রাখতে ফয়সাল আমিনই উপযুক্ত প্রার্থী।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে পূর্বঘোষিত প্রার্থী দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনটি শূন্য হওয়ার পর থেকেই জামায়াত সেখানে নিজেদের অবস্থান শক্ত করতে জোরদার প্রচারণা চালাচ্ছে। ফলে জামায়াতের নির্বাচনি তৎপরতা এবং মির্জা পরিবারের ঐতিহ্য ধরে রাখার লড়াইকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে তৈরি হয়েছে ব্যাপক রাজনৈতিক উত্তাপ।
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩০
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২