
রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বিজিবি জানিয়েছে, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর মীরগঞ্জ বিওপির অধীনস্থ সীমান্ত আদেশ বা পিলার ৭৮/৪-এস সংলগ্ন শূন্যরেখায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত ভারতীয় অংশে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এ বৈঠক চলে। বৈঠক শেষে বিএসএফের খাসমহল কোম্পানি কমান্ডার আটক বাংলাদেশিদের বিজিবির আলাইপুর কোম্পানি কমান্ডারের কাছে বুঝিয়ে দেন।
ফেরত আসা ব্যক্তিরা হলেন—রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), ইয়ানজের ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মণ্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) এবং জামাল মণ্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে ৩ জন পাট ব্যবসায়ী এবং ২ জন নৌকার মাঝি-মাল্লা।
ফেরত আসা ব্যক্তিরা জানান, গত ৭ সেপ্টেম্বর রাতে নদীপথে পাট কিনে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন তারা। সে সময় নদীর তীব্র স্রোতে পথ ভুল করে তারা অনিচ্ছাকৃতভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। আটকের পর ৭ ও ৮ সেপ্টেম্বর তাদের জলঙ্গী বিএসএফ ক্যাম্পে রাখা হয়। পরদিন ৯ সেপ্টেম্বর তাদের সাগরপাড়া বিএসএফ ক্যাম্পে নেওয়া হয় এবং সেখানে প্রায় ৪/৫ ঘণ্টা রাখার পর ভারতের রানীনগর থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে রানীনগর থানা পুলিশ তাদের একটি হোল্ডিং সেন্টারে রাখে। বর্তমানে তারা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন।
বিজিবি জানায়, ফেরত আনার পর তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও ঠিকানা যাচাই-বাছাই করা হয়। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড কমিশনারের উপস্থিতিতে সন্ধ্যা ৭টার দিকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় আলাইপুর খেয়াঘাটে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে উপস্থিত হন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। তিনি ফেরত আসা ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সীমান্তে বিজিবির এমন পেশাদার ও মানবিক ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২