
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে নবম শ্রেণি পড়ুয়া ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে (৩৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই মো. রাজীব (২৩) নামের একজনকে আটক করেছে গফরগাঁও থানার পুলিশ।
ভুক্তভোগী নারী, স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার সময় শরীফ মিয়া (২৩), আরিফ মিয়াসহ (২১) পাঁচ যুবক ওই প্রবাসীর বাড়িতে যান। প্রথমে তারা পানি ও কুড়াল চাইলে প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে আসে। এ সময় যুবকেরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর তারা ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং আলমারিতে থাকা বাড়ি নির্মাণের জন্য রাখা পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, লুটপাটের পর যুবকেরা তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় রাজীব মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা দাবি করা হয় বলে ভুক্তভোগী জানান। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনাটি জানাজানি হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ রাতেই অভিযানে নামে। রাত তিনটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি নির্জন এলাকায় অভিযান চালিয়ে রাজীবকে আটক করা হয়। তবে অন্য চারজন পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশের ভাষ্যমতে, অভিযানের সময় ভিডিও ধারণে ব্যবহৃত মুঠোফোনটি রাজীব পানিতে ফেলে দিলেও পরে তা উদ্ধার করা হয়েছে।
গৃহবধূর দেবর জানান, বড় মেয়েকে বিয়ে দেওয়ার পর ওই নারী নবম শ্রেণিপড়ুয়া ছেলেকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। শুক্রবার বিকেলে থানায় এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে এবং তারা জড়িতদের উপযুক্ত বিচার দাবি করেছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস জানান, ভুক্তভোগী নারী পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় দুজন ধর্ষণ করেন এবং বাকিরা বাইরে ছিলেন। তিনি আরও বলেন, অভিযোগের বিষয়গুলো তদন্ত করা হচ্ছে এবং মেডিক্যাল রিপোর্টসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হবে। ভিডিও ধারণের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২