
কুমিল্লার বাঙ্গরা এলাকায় গভীর রাতে মাইকিং করে 'ডাকাত পড়েছে' বলে প্রচারণা চালিয়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার উত্তর পেন্নাই দক্ষিণপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে। তিনি শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। ঘটনার সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তার স্ত্রী গুরুতর আহত হন।
নিহতের ভাই জালাল হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আনোয়ার আত্মগোপনে ছিলেন এবং শনিবার রাতে গোপনে বাড়িতে ফিরেছিলেন। জালাল হোসেনের অভিযোগ, প্রায় তিন বছর ধরে আনোয়ারকে এলাকায় ফেরার সুযোগ দেওয়া নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এ সময় ফিরোজ মেম্বারের ছেলে আনোয়ার, একই এলাকার পিন্টু, হাসান ও জালাল তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ার কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। নিহতের স্ত্রীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরেই তার স্বামীকে হুমকি ও চাঁদা দাবি করা হচ্ছিল। ঘটনার সময় তিনি হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরেছেন বলেও অভিযোগ করেন।
স্থানীয়দের মতে, এলাকায় দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ারের সঙ্গে বিভিন্ন পক্ষের বিরোধ ছিল। এর আগে ২০২৩ সালে ড্রেজারের অভিযানে গেলে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে হামলা চালানোর ঘটনায় আনোয়ার ও তার বাহিনী জড়িত ছিল বলে জানা যায়। সে সময় রাজনৈতিক প্রভাবের কারণে তিনি আইনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তবে আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি বাড়িতে ফিরতে পারেননি।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০১
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২