
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি পরিবার। শুক্রবার দুপুরে এই ঘটনায় পরিবারের ছয় সদস্যের মধ্যে পাঁচজন স্রোতের তোড়ে তলিয়ে যাচ্ছিলেন। তাঁদের বাঁচাতে গিয়ে স্থানীয় তরুণ মো. সৌরভ মিয়া নিজের জীবন উৎসর্গ করেছেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টার দিকে গাজীপুরের কালীগঞ্জের সৌদিপ্রবাসী ওবায়দুল্লাহ তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে লাখপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বেলা দুইটার দিকে পরিবারের ছয় সদস্য শীতলক্ষ্যায় গোসলে নামেন। এক পর্যায়ে শান্তা আক্তার নদীতে তলিয়ে যেতে থাকলে তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর বোন শাহীনুর আক্তারও সন্তানসহ হাবুডুবু খেতে শুরু করেন। পরিস্থিতি দেখে ওবায়দুল্লাহ ও শান্ত তাঁদের উদ্ধার করতে গিয়ে নদীতে তলিয়ে যেতে থাকেন।
এ সময় স্থানীয় তরুণ সৌরভ মিয়া তাঁদের বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। তিনি শিশুসন্তানসহ শাহীনুর আক্তারকে উদ্ধার করে পাড়ে তুলতে সক্ষম হন। কিন্তু অন্যদের উদ্ধারে পুনরায় নদীতে নামলে তিনিও স্রোতের তোড়ে তলিয়ে যান। শাহীনুর আক্তার জানান, সৌরভ তাদের বাঁচানোর পর অন্যদের উদ্ধারে গিয়ে নিজেই ডুবে যান।
খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধার অভিযান শুরু করলেও তীব্র স্রোতের কারণে গতকাল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ চারজনের সন্ধান পাওয়া যায়নি। আজ শনিবার ভোরে ভৈরব থেকে আসা ডুবুরি দলের সহায়তায় পুনরায় অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে ডুবুরিরা সৌরভ মিয়া ও ওবায়দুল্লাহর (৩৮) মরদেহ উদ্ধার করেন। এখনো শান্তা আক্তার (২৫) ও মো. শান্ত মিয়া (২৪) নিখোঁজ রয়েছেন।
শিবপুর থানার উপপরিদর্শক নাদিম হাসান জানিয়েছেন, উদ্ধার হওয়া দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিখোঁজ অন্য দুজনের সন্ধানে বেলা একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২