
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং বজ্রপাতজনিত প্রাণহানি রোধের লক্ষ্যে দিনাজপুর জেলায় দুই বছর মেয়াদি একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এই কর্মসূচির আওতায় জেলার ১৩টি উপজেলায় সর্বমোট ৩০ হাজার তালবীজ রোপণ ও সেগুলোর সঠিক পরিচর্যার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে গত বছর জেলায় ১৩ হাজার তালবীজ রোপণ করা হয়েছিল।
চলতি বছর জেলায় নতুন করে ১৭ হাজার তালবীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বীরগঞ্জ উপজেলায় একযোগে ৮০০ তালবীজ রোপণের মাধ্যমে এ বছরের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান। পর্যায়ক্রমে জেলার সবকটি উপজেলায় এই রোপণ কার্যক্রম সম্পন্ন করা হবে। রোপণ করা এসব বীজের অঙ্কুরোদগম ও চারাগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে বিরল উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশে পরিকল্পিতভাবে ১ হাজার ৫০০ তালবীজ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিরল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদার মোল্লা। প্রথম ধাপে উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুর গ্রাম এবং ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামসংলগ্ন সড়কে ৫০০টি বীজ রোপণ করা হয়েছে। পলাশবাড়ী ইউনিয়নের দলনেতা মোছা. শারমিন আক্তার জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তারা ইব্রাহিমপুর সড়কের পাশে ২৫০টি তালবীজ রোপণ করেছেন, যা স্থানীয় পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে।
এদিকে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দলনেতা ফয়সাল কবির জানান, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এবং গ্রামীণ সড়কের সৌন্দর্য বাড়াতে তারা ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশে তালবীজ রোপণ করেছেন। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সচেতন করতে নবাবগঞ্জের খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ কবির বলেন, শিশুদের সঙ্গে নিয়ে এ ধরনের ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নের ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝেও বৃক্ষরোপণের আগ্রহ তৈরি হবে।
বাংলাদেশ আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান জানান, কেবল বীজ রোপণেই এই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না, বরং চারাগুলো নির্দিষ্ট বড় হওয়া পর্যন্ত নিবিড় পরিচর্যা করা হবে। তিনি আরও জানান, জেলার কয়েকটি উপজেলায় বর্তমানে খাল খনন কার্যক্রম চলছে। খনন শেষ হলে খালের পাড়গুলোতেও তালবীজ রোপণ করা হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বাবুই পাখিসহ বিভিন্ন পাখির নিরাপদ আবাসন তৈরিতে সহায়তা করবে। এই পরিবেশবান্ধব উদ্যোগ সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪২
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২