
ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় শিপল মাহবুব বিপ্লব নামের এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এই ঘটনার ঠিক আগের দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে একাধিক ছবি তুলেছিলেন বিপ্লব। পরবর্তীতে সেসব ছবি তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।
সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় নিজের ভাই, ভাবি ও ছোট ভাতিজির সঙ্গে হাঁটার সময় বাঁধন একদল প্রবাসী বাংলাদেশির মাধ্যমে হেনস্তার শিকার হন। অভিনেত্রী অভিযোগ করেছেন, এ সময় শিপল মাহবুব বিপ্লব তার দিকে পানি ছুড়ে মারেন এবং বারবার তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে সম্বোধন করেন। বাঁধন জানান, তার ভাই সঙ্গে শিশু থাকার কথা বলে হামলাকারীদের থামানোর চেষ্টা করলেও তারা নিবৃত্ত হয়নি। এ সময় বিল্লাল মিয়া নামে আরেক ব্যক্তি তার কানের নিচে আঘাত করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
বাঁধনের দাবি অনুযায়ী, হামলাকারীরা তার ওপর পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারে এবং একপর্যায়ে তার হাত থেকে মুঠোফোনটি ফেলে দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেত্রী স্থানীয় থানায় অভিযোগ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, রোববার অর্থাৎ ৬ সেপ্টেম্বর সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তোলা ছবিগুলো বিপ্লব তার ফেসবুক পেজে পোস্ট করেন। ওই পোস্টে তিনি জয়কে ‘ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক’ হিসেবে অভিহিত করেন এবং নিজের বাবাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেন। নিজের বাড়ি শরীয়তপুর জেলায় বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে সজীব ওয়াজেদ জয়কে ভেনিসে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে ও ছবি তুলতে দেখা গেছে। ফেসবুকের তথ্যমতে, জয়ের এই সফরটি ছিল ব্যক্তিগত ও পারিবারিক।
অভিযোগ রয়েছে যে, বাঁধনের ওপর হামলার একটি ভিডিও বিপ্লব নিজে ফেসবুকে শেয়ার করেছিলেন, যা পরে মুছে ফেলা হয়েছে। তবে ভিডিওটি মুছে ফেলার কারণ বা হামলার অভিযোগের বিষয়ে বিপ্লবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাঁধনের ওপর এই হামলার সঙ্গে বিপ্লবের রাজনৈতিক যোগাযোগের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধন পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন। নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন জানিয়ে তিনি বলেন, এই ধরনের হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে তাকে নীরব করা সম্ভব নয়।
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০২
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২