
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪২ (08-09-2026, 17:42)
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও টেকসই করতে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে গঙ্গা ও তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি উল্লেখ করেন, অভিন্ন নদ-নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। তাই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর একটি ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। জবাবে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, পানি বণ্টনের বিষয়ে তাঁর সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সাক্ষাৎকালে ভারতের হাইকমিশনার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতিও তাঁকে ধন্যবাদ জানান এবং ভারতের রাষ্ট্রপতির প্রতি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একটি নিকটতম প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ, মর্যাদা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করে একটি সম্মানজনক, ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশ আগ্রহী। তিনি বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি, যোগাযোগ, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বৃদ্ধির মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।
অন্যদিকে, ভারতের হাইকমিশনার দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক জোরদারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁর দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পারস্পরিক মর্যাদা ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ককে আরও দৃঢ় করতে ভারত অত্যন্ত আগ্রহী। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে রাষ্ট্রপতি তাঁর সফল কর্মকাল কামনা করেন। এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২