সাতক্ষীরার বাঁকাল এলাকায় মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক পাশেই গড়ে উঠেছে একটি ছোট্ট ভাতের হোটেল। টিনের ছাউনি আর বাঁশের চটার বেড়ায় ঘেরা এই হোটেলের সামনের সাইনবোর্ডটি পথচারীদের নজর কাড়ে। সেখানে লেখা রয়েছে—‘মাথায় তৈল দেন, গামছা নিন, গোসল করুন, ভাত খান। পয়সা থাকলেও খাবেন, না থাকলেও খাবেন।’ অনন্য এই হোটেলটির নাম ‘গরীবে নেওয়াজ’। পকেটে টাকা থাকুক আর নাই থাকুক, ক্ষুধার কথা জানালে এখান থেকে কাউকে কখনো খালি পেটে ফিরতে দেন না হোটেলের ৬৮ বছর বয়সী মালিক আবদুর রশীদ সরদার।
সম্প্রতি এক সকালে হোটেলে গিয়ে দেখা যায়, তিনটি কাঠের টেবিলকে ঘিরে রাখা হয়েছে প্রায় ১০টি প্লাস্টিকের চেয়ার। এক পাশে তাকে সাজানো রয়েছে ভাত ও নানা পদের তরকারি। পাশের ঘরে জ্বলছে রান্নার চুলা। সেখানে কড়াইয়ে ডাল ও ডিম রান্না করছিলেন রশীদের ৫৯ বছর বয়সী স্ত্রী ফজিলা খাতুন। খাবারগুলো দেখিয়ে রশীদ সরদার জানান, আজ মেন্যুতে আছে মাছ, ডিম, পুঁইশাক, কচুশাক ও আলু ভর্তা। প্রতিদিন সাধারণত সাত-আট ধরনের খাবার রান্না করা হয়, কোনো কোনো দিন পদের সংখ্যা ১০টিতেও পৌঁছায়। খাওয়ার পর কেউ সামর্থ্য অনুযায়ী ২০ টাকা দেন, কেউ ৫০ টাকা দেন, আবার কেউ কোনো টাকা না দিয়েই চলে যান। রশীদ কাউকেই ফিরিয়ে দেন না।
হাসপাতালের পাশে হওয়ায় প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা নানা শ্রেণির মানুষ এই হোটেলে ভিড় করেন। তাঁদের মধ্যে রয়েছেন রোগী, রোগীর স্বজন, দিনমজুর ও ভিক্ষুকেরা। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে অনেকেরই খাবারের টাকা থাকে না। তাঁদের জন্য এই হোটেলের দরজা সব সময় খোলা। শুধু খাবারই নয়, দূর থেকে আসা ক্লান্ত মানুষদের জন্য হোটেলের পাশে পুকুরে গোসল করার ব্যবস্থা রয়েছে। রশীদ তাঁদের ব্যবহারের জন্য গামছা ও মাথায় দেওয়ার তেলও সরবরাহ করেন। তাঁর কাছে মানুষের পকেটের টাকার চেয়ে ক্ষুধার কষ্টটাই সবচেয়ে বড়। রশীদ বলেন, ‘আপনার পয়সা আছে কি না, সেটা আপনার ব্যাপার। ওটা তো আর আমার কোনো ব্যাপার না। আপনি খাইতে চাইলে আমি খাওয়াইতে পারব।’
এই মানবিক কাজের পেছনে রয়েছে রশীদের নিজের জীবনের এক কঠিন অতীত। ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছিলেন তিনি। পরিবারে কোনো ভাইবোনও ছিল না। চরম অভাবের মধ্য দিয়ে বড় হতে গিয়ে মানুষের ফেলে দেওয়া খাবার কুড়িয়ে খেয়েছেন তিনি। ডাবের খোসার শাঁস, কাঁঠালের বীজ ও আলু সেদ্ধ খেয়ে দিন পার করা রশীদকে একসময় টোকাই হিসেবেও পরিচয় দিতে হয়েছে। পরে তিনি ঢাকায় গিয়ে বাসের চালকের সহকারী হিসেবে কাজ শুরু করেন। ফেলে আসা সেই দিনগুলোর কথা মনে করে রশীদ সরদারের চোখ ভিজে ওঠে। তিনি বলেন, ‘গরিব মানুষের কষ্ট আমি বুঝি। ক্ষুধার যে কী কষ্ট, সেইটা আমি জানি।’
রশীদের এই হোটেলের পেছনের গল্পটাও সহজ ছিল না। ঢাকায় থাকার সময় তিনি গাবতলী বাসস্ট্যান্ডে কাজ করতেন এবং তাঁর স্ত্রী ফজিলা খাতুন সেখানে পিঠা বিক্রি করতেন। পাঁচ ছেলের মধ্যে বড় ছেলেটি অসুস্থ হয়ে পড়লে তাঁরা ঢাকা ছেড়ে সাতক্ষীরায় চলে আসেন। সেখানে এসে প্রথম দিকে থাকার মতো কোনো ঘর ছিল না, এমনকি অন্যের গোয়ালঘরেও রাত কাটাতে হয়েছে তাঁদের। সংসার চালাতে ফজিলা খাতুন সড়কের পাশে গজা ও ছোট রুটি বিক্রি শুরু করেন। পরে অল্প কিছু জমানো টাকা দিয়ে সড়কের পাশে টিনের চালা তৈরি করে ২০১২ সালে এই ভাতের হোটেল চালু করেন রশীদ। একটি মুদিদোকান থেকে মাত্র ৩৫০ টাকা বাকিতে খাবারের উপকরণ নিয়ে শুরু হয়েছিল তাঁর এই ব্যবসা। প্রথম দিকে দৈনিক বিক্রি হতো মাত্র ৮০ থেকে ৯০ টাকা, কোনো দিন বড়জোর ১০০ থেকে ১৫০ টাকা। লাভ হতো সামান্যই, উল্টো ঋণ বাড়ছিল। তবুও রশীদ হোটেল বন্ধ করেননি।
রশীদ সরদার বলেন, ‘ওই ৩৫০ টাকা পুঁজি আর অনেক কষ্টের ওপর ভর করেই আজকের এই হোটেলটা দাঁড় করাইছি।’ বর্তমানে তাঁর কোনো বড় পুঁজি নেই; প্রতিদিন মানুষ খেয়ে যা টাকা দেন, তা দিয়েই চলে পরদিনের বাজার। এই দীর্ঘ পথচলায় তাঁর সার্বক্ষণিক সঙ্গী স্ত্রী ফজিলা খাতুন। গত ১৪ বছর ধরে তিনি রান্নার পুরো দায়িত্ব সামলাচ্ছেন। প্রতিদিন রাত তিনটায় উঠে রান্নাবান্না শুরু করেন ফজিলা। শরীর আগের মতো সায় না দিলেও নিয়মিত ক্রেতারা তাঁর হাতের রান্না ছাড়া খেতে চান না বলে কষ্ট হলেও রান্না চালিয়ে যাচ্ছেন তিনি। স্বামীর এই মহৎ উদ্যোগে নিজের কষ্টকে বড় করে দেখেন না ফজিলা। তিনি বলেন, ‘আমার স্বামীর শখ হলো গরিব-অসহায় মানুষরে খাওয়ানো। আমিও তাঁরে সাহায্য করি। সামর্থ্য থাকলে হোটেলটা আরেকটু বড় করতে পারতাম।’
হোটেলটির নামের পেছনেও জড়িয়ে আছে রশীদ সরদারের গভীর বিশ্বাস ও শ্রদ্ধা। ছোটবেলা থেকেই তিনি সুফি সাধক খাজা মঈনুদ্দীন চিশতিকে মনেপ্রাণে ভালোবাসেন। গরিব ও অসহায় মানুষের সেবা করার কারণে খাজা মঈনুদ্দীন চিশতি ‘গরিবে নেওয়াজ’ নামে পরিচিত ছিলেন। ভারতের আজমিরে তাঁর দরগায় যাওয়ার তীব্র ইচ্ছা থাকলেও রশীদ কখনো যেতে পারেননি। তাঁর প্রতি পরম শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই নিজের হোটেলের নাম রেখেছেন ‘গরীবে নেওয়াজ’।
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, আটা, ময়দা ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর…
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
This website uses cookies.