
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনগুলো এবার উপজেলাভিত্তিক অনুষ্ঠিত হবে। অর্থাৎ, একটি উপজেলার অন্তর্গত সবগুলো ইউনিয়নে একই দিনে ভোটগ্রহণ করা হবে। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, ইউপি নির্বাচন কয়েকটি ধাপে সম্পন্ন হবে। তবে এটি পাঁচ নাকি ছয় ধাপে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। উপজেলাভিত্তিক ভোটগ্রহণের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকিগুলোতে অন্য ধাপে ভোট হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই বিশৃঙ্খলা এড়াতেই পুরো উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি কমিশন নির্ধারণ করবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে সচিব আখতার আহমেদ জানান, এবারের ভোটে কোনো পোস্টার থাকবে না এবং বিধিমালায় আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, আগামী সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে ইসির। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সকালে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যু সংক্রান্ত এক বৈঠকের পর সচিব সাংবাদিকদের মুখোমুখি হন।
এদিকে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকে আসনটি শূন্য রয়েছে। এর আগে গত রবিবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, এই উপ-নির্বাচনের জন্য তারা প্রস্তুত এবং আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনা করে অল্প কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ নির্ধারণ ও তফসিল ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২