
চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর-শৈলগাড়ী সড়কের জোড়াদহ মাঠে এক জুতার দোকান কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার রাত ৯টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মরেজ আলী (৩০) আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের আমিরুল ইসলামের ছেলে এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ী গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করেন। তিনি আলমডাঙ্গার একটি জুতার দোকানে কর্মচারী হিসেবে কর্মরত আছেন।
মরেজ আলী জানান, রোববার রাতে আলমডাঙ্গা থেকে মোটরসাইকেলে চড়ে শ্বশুরবাড়ি শৈলগাড়ীর দিকে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে জোড়াদহ মাঠে পৌঁছালে ধারালো দা হাতে চারজনের একটি মুখোশধারী দল তার পথরোধ করে। ছিনতাইকারীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে রাস্তার পাশে একটি বটগাছের নিচে নিয়ে যায়। সেখানে তারা তার হোন্ডা লিভো ১১০ সিসি মোটরসাইকেল, নগদ ১৬০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাকে রাস্তা থেকে কিছুটা দূরে ধানক্ষেতের পাশে একটি নিমগাছের সঙ্গে কাপড় দিয়ে হাত-পা ও মুখ-চোখ বেঁধে রেখে যায়।
দীর্ঘ সময় মাঠের মধ্যে পড়ে থাকার পর মরেজ আলী নিজের মুখের বাঁধন খুলতে সক্ষম হন। পরবর্তীতে হাত ও চোখের বাঁধন খুলে তিনি শৈলগাড়ী গ্রামের দিকে দৌড়ে গিয়ে স্থানীয়দের ঘটনাটি জানান। গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগীর সঙ্গে কথা বলে বিস্তারিত জেনেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ০৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩৭
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২