
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ০৪। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার একটি ট্রলারে বজ্রপাতের ঘটনায় সাকিব (২৩) ও ইমন (২৪) নামে দুই জেলে প্রাণ হারিয়েছেন। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার মায়ারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব ও ইমন রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার বাসিন্দা। এর মধ্যে সাকিব শহিদ শিকদারের ছেলে এবং ইমন হাবিব খাঁর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সাকিবের এক বছরের এবং ইমনের দুই বছরের শিশু সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলার মালিক সুমন খাঁর নেতৃত্বে সাকিব ও ইমনসহ মোট পাঁচজন জেলে রোববার সকালে ইলিশ ধরার উদ্দেশ্যে সাগরে যান। বিকেল সাড়ে ৩টার দিকে মায়ারচর সংলগ্ন এলাকায় তারা জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ট্রলারটির ওপর বজ্রপাত হলে সাকিব ও ইমন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ট্রলারের মালিক সুমন খাঁ বলেন, 'সকাল ১০টার দিকে আমরা মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাই। বিকেল ৪টার দিকে মায়ারচরে জাল ফেলছিলাম। হঠাৎ বজ্রপাত হলে আমি পেছনে তাকিয়ে দেখি, আমার ভাই ইমন নেই। আমরাও অসুস্থ হয়ে পড়ি। পরে অন্য একটি বোট এসে আমাদের উদ্ধার করে।'
বজ্রপাতের ঘটনায় ট্রলারের মাঝি সুমন খাঁ এবং জেলে নিবির ও নিপু আহত হয়েছেন। পরে অন্য একটি মাছ ধরার বোট এসে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা বর্তমানে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, বজ্রপাতে দুই জেলের মৃত্যু ও তিনজনের আহতের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) দায়িত্ব পালন করছেন। নিহত ও আহত সবাই রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার বাসিন্দা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২