
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০১
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জহিরের নাম মোহাম্মদ জহির (১৯)। তিনি উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ২ নম্বর ব্লকের বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘মরাগাছতলা মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টার’-এর সামনের সড়কে একটি বিশেষ চেকপোস্ট বসায়। সেখানে তল্লাশিকালে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ জহিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জহির স্বীকার করেছেন যে, তিনি আরসার একজন সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে অবৈধ অস্ত্র বহন এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
র্যাবের সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, অবৈধ অস্ত্র বহন করার অভিযোগে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার জহিরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২