চট্টগ্রামের রাউজানে গতকাল বৃহস্পতিবার রাতে মুহাম্মদ করিম নামের এক যুবদল কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের বাসিন্দা করিম বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের কেরানীহাট বাজারে গেলে একদল সন্ত্রাসী ৪-৫টি মোটরসাইকেলে করে এসে তাঁকে ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সন্ত্রাসীদের একজন কিরিচ দিয়ে করিমের ঘাড় ও মাথায় কোপ দেয়। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে কয়েকজন তাঁকে গুলি করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা মোটরসাইকেলে করেই ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর রাতে কেরানীহাট বাজারের সব দোকানপাট বন্ধ ছিল এবং আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। করিমের লাশ প্রায় এক ঘণ্টা সড়কের ওপর পড়ে থাকার পর পুলিশ এসে উদ্ধার করে। পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনে করিমের শরীরের তিনটি স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। তাঁর পেটে, ঊরুতে ও নিতম্বে গুলি লেগেছে এবং একটি গুলি কোমরের পাশ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে। এছাড়া তাঁর ঘাড় ও কপালে কোপানোর ক্ষত রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলের আশপাশে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল না।
নিহত মুহাম্মদ করিম দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাত ও কাতারপ্রবাসী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফেরেন। তিনি বিএনপির বিভিন্ন মিছিল-সমাবেশে সক্রিয় ছিলেন। রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম নিশ্চিত করেছেন যে, এলাকায় যুবদল নেতা হিসেবে পরিচিত হলেও করিমের কোনো পদপদবি ছিল না। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, একসময় সিএনজিচালিত অটোরিকশা চালক করিম পরে বড় ভাইয়ের সহযোগিতায় প্রবাসী হন। গত দুই বছর ধরে এলাকায় ফিরে তিনি মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। পরিবার নিয়ে তিনি চট্টগ্রামের হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজারে থাকতেন। তাঁর বিরুদ্ধে চুরি, মাদক, ডাকাতি, ছিনতাই ও অপহরণসহ অন্তত ১০টি মামলা রয়েছে এবং তিনি একাধিকবার জেলও খেটেছেন।
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ বেলায়াত হোসেন জানান, সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থেকে এ খুনের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর বাজারটি লোকশূন্য হয়ে পড়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী বাজারের চৌমুহনী এলাকায় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যা করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ৫ আগস্টের পর রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০টিই রাজনৈতিক বিরোধের জেরে হয়েছে। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
This website uses cookies.