
মক্কা চুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওই চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে দেশ দুটির অবস্থান ইতিবাচক। সরকার এ চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি দেখছে না।
প্রতিমন্ত্রী সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় ওআইসির বিশেষ অধিবেশনে অংশ নেন। সেই সফরের সময় ওআইসি বৈঠকের ফাঁকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে তাঁর আলোচনা হয়। চুক্তি নিয়ে দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের সঙ্গে এ বিষয়ে ইতিবাচক কথাবার্তা হয়েছে।
মক্কা চুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সরকার বিশ্লেষণ করছে কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বিশ্বজুড়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ব্যাপক অবদান ও অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরবের মতো ভাতৃপ্রতিম মুসলিম দেশ, যারা দুটি পবিত্র মসজিদের সুরক্ষায় ভূমিকা পালন করছে, তারা যখন এই চুক্তিতে যুক্ত আছে, তখন মুসলিম বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার প্রেক্ষাপট থেকে বাংলাদেশও এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে।
চুক্তিতে যোগদানের ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কোনো কিছু করার আগেই নেতিবাচক পরিণতির কথা ভাবলে কোনো উদ্যোগই নেওয়া সম্ভব নয়। এটি একটি অনন্য চুক্তি, যা নতুন সুযোগ তৈরি করেছে। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাওয়ার পর সরকার পরবর্তী পদক্ষেপ জানাবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নিজেকে কেবল বাংলাদেশি হিসেবে পরিচয় দেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২