
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর সময় ‘গলা কাটা মোবারক’ হিসেবে পরিচিত দুর্ধর্ষ সন্ত্রাসী মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার লেলাং ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে ও তাঁর তিন সহযোগীকে আটক করে। মোবারক কারাগারে থাকা ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় ওই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। বাড়ির লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশের সময় ওয়াশরুমের ফলস ছাদের ওপর লুকিয়ে থাকা মোবারক পুলিশের ওপর গুলি শুরু করেন। তিনি ব্রাজিলের তৈরি তরাস পিস্তল থেকে পরপর ছয়টি গুলি চালান। পুলিশের পাল্টা গুলিতেও সাতটি রাউন্ড ফায়ার হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে ফটিকছড়ির ওসি রবিউল আলম খান, কনস্টেবল মামুনুর রশিদ, শাহ নেওয়াজ ও সাদ্দাম হোসেন রয়েছেন।
সপ্তম গুলিটি করার সময় মোবারকের অস্ত্রটি আটকে গেলে পুলিশ তাঁকে ছাদ থেকে নামিয়ে এনে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত করেছে পুলিশ। অভিযানে মোবারকের সহযোগী মো. রায়হান, মো. ফরিদ ও মো. নাছিরকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩টি পিস্তল, ২৩টি পিস্তলের গুলি ও ৪টি শটগানের গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, মোবারককে গ্রেপ্তারের পর ফটিকছড়ি ও রাউজানে অস্ত্র উদ্ধারে বুধবার রাত ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়। উল্লেখ্য, আবছার উদ্দিন চৌধুরীর বাড়িতে গত ১৪ মে মোবারক তাঁর সহযোগীদের নিয়ে গুলি করেন। গত ২৯ জুলাই ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর পাওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির দুর্গম পাহাড়ে কয়েক দফা অভিযান চালানো হয়। সর্বশেষ সোমবার কাঞ্চননগরে অভিযান চালিয়ে মোবারকের আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। নিজেকে নিরাপদ মনে না করে মোবারক লেলাং ইউনিয়নের ওই বাসায় আশ্রয় নিয়েছিলেন।
গ্রেপ্তারের পর পুলিশ অস্ত্র লুট ও হামলার ঘটনায় দুটি মামলায় আদালতে মোবারকের রিমান্ড আবেদন করলে আদালত চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাউজান ও ফটিকছড়ির বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা মোবারক স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এই গ্রেপ্তারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২