
প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত কর্মসূচি না মেলায় ‘প্রবাসী কার্ড’-এর উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে গেছে। ফলে চলতি মাসের শেষ সপ্তাহে এই কার্ডের উদ্বোধন হওয়ার কথা থাকলেও, এখন আগামী ১৫ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য জানা গেছে। তবে উদ্বোধনের স্থান এখনও চূড়ান্ত করা হয়নি।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রীর শিডিউল না পাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান পেছানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রীর দাপ্তরিক কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, উদ্বোধনের তারিখ পরিবর্তন হলেও ‘প্রবাসী কার্ড’-এর টেস্টিং কার্যক্রম সম্পন্ন করে বিতরণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কার্ডের টেস্ট প্রিন্টিং প্রক্রিয়া এবং ইউজার এক্সেপটেন্স টেস্ট (ইউএটি) ট্রায়াল সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে কার্ডের জন্য আবেদন প্রক্রিয়ার ট্রায়াল চলছে।
প্রবাসী কার্ড টেকনিক্যাল কমিটির সদস্য ও ফোকাল পারসন মো. মাহবুবুল ইসলাম জানান, ‘প্রবাসী কার্ডের ইউএটি চলমান রয়েছে। আমরা তাড়াহুড়ো না করে আরও কিছু সেবা যুক্ত করে বেশি সংখ্যক প্রবাসীর হাতে কার্ড পৌঁছে দিতে চাই। এ কারণেই উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে।’ তিনি আরও বলেন, উদ্বোধনের তারিখ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনপত্র পাঠানো হয়েছে এবং আশা করা হচ্ছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রবাসীদের হাতে কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।
মাহবুবুল ইসলাম উল্লেখ করেন, কার্ড উদ্বোধনের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং সব ধরনের ট্রায়াল প্রক্রিয়াও শেষ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবাসীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের কল্যাণে ১১টি সুবিধা যুক্ত করে এই বিশেষ ‘প্রবাসী কার্ড’ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে আগামী বছরের জুনের মধ্যে তিন ধাপে মোট দুই লাখ প্রবাসীকে এই কার্ড দেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে সকল প্রবাসীকে এই কার্ডের সুবিধার আওতায় আনা হবে।
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২৩: ৩৬আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০০: ০৪
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২