
কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। অন্যথায় ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে সংগঠনটি।
সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, শনিবার (২২ আগস্ট) বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ডিলারদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও জারি করা হয়।
বিএফএ জানায়, ডিলারদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়া, সার উত্তোলন এবং নিজস্ব গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে হবে। এছাড়া, সারের আগমনি বার্তা সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করা এবং নিয়মিত বিক্রয় রেজিস্টার সংরক্ষণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত মূল্যে সার বিক্রি রোধে নিয়মিত তদারকি বাড়ানোর তাগিদও দেওয়া হয় এতে।
ডিলারদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কুচক্রী মহল যেন সারের অতিরিক্ত দাম নিয়ে তার দায় ডিলারদের ওপর চাপাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ লক্ষ্যে স্থানীয় কৃষি অফিস এবং প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিয়েছে বিএফএ। নীতিমালার যেকোনো ধরনের লঙ্ঘন হলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২