
ফরিদপুরের ভাঙ্গায় এক নারীকে স্ত্রী দাবি করে দুই ভাইয়ের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার দুপুরে ভাঙ্গা থানা চত্বরে এবং থানার সামনের সড়কে এ ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, ওই নারীকে কেন্দ্র করে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন এবং উপস্থিত অন্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। ২ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে এক পর্যায়ে কয়েকজন নারীকে ওই নারীর জামাকাপড় ধরে টানাটানি করতেও দেখা গেছে।
পরিবারের সদস্যরা জানান, ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। পরে খোঁজ নিয়ে জানা যায়, তারা সাভারে অবস্থান করছেন। সেখান থেকে আত্মীয়স্বজনেরা তাদের ভাঙ্গায় নিয়ে আসেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাকলেস হরকরা জানিয়েছেন, দুই বছর আগে ওই নারীর বিয়ে হয়। পরবর্তীতে দেবরের সঙ্গে তার সম্পর্কের জেরে বাড়িতে নিয়মিত বচসা হতো। গত মঙ্গলবার ওই নারী এক কাপড়ে দেবরের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান।
ওই নারীর বাবা জানান, বিষয়টি আইনি ও সামাজিকভাবে সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষকে নিয়ে তারা থানায় এসেছিলেন। থানা প্রাঙ্গণে উপস্থিত আত্মীয়স্বজন ও স্থানীয়দের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই নারী প্রথমে বড় ভাইকে স্বামী হিসেবে অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তিনি প্রথম স্বামীকে ছেড়ে ছোট ভাইকে বিয়ে করেছেন। তার দাবি, প্রথম স্বামী ও পরিবার তাকে নির্যাতন করত এবং সেই সময় দেবর তাকে সহায়তা করতেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এক নারীকে নিয়ে থানার ফটকের সামনে ঝগড়া শুরু হয় এবং পরে তারা থানা চত্বরের ভেতরেও ঝগড়া করছিলেন। পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে এবং উভয় পক্ষকে থানা চত্বর থেকে বের করে দেয়। ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়নি। তারা বাড়িতে গিয়ে নিজেদের সমস্যা সমাধান করবেন বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২