
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি পারিবারিক কবরস্থান থেকে গভীর রাতে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী মীরবাড়ি গ্রামের ‘দরগাহ ভিটা’ কবরস্থানে এ ঘটনা ঘটে। বুধবার দিবাগত শেষ রাতে দুর্বৃত্তরা কবর দুটি খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ, আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন কবরস্থানে গিয়ে দুটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। এরপর মৃত ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে কবর দুটি সম্পূর্ণ খালি দেখতে পান। এ সময় কবরের আশপাশে মানুষের চুল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কবর দুটি শিলাসী মীরবাড়ি গ্রামের বাসিন্দা মৃত মীর মোশারফ হোসেন এবং ধামাইল গ্রামের বাসিন্দা শামছুল ইসলামের স্ত্রী মৃত সুফিয়া বেগমের। মীর মোশারফ হোসেন প্রায় দেড় বছর আগে এবং সুফিয়া বেগম প্রায় দুই বছর আগে মারা যান। মৃত্যুর পর তাদের বাড়ির পাশের দরগাহ ভিটা কবরস্থানে দাফন করা হয়েছিল।
মীরবাড়ি গ্রামের বাসিন্দা মীর বাদল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুর্বৃত্তরা আমাদের মীরবাড়ি দরগাহ ভিটা কবরস্থানের দুটি কবর খুঁড়ে এক রাতেই দুইটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছি।”
আরেক স্থানীয় বাসিন্দা মীর মনির হোসেন জানান, এর আগেও এই একই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত কবরস্থানের নিরাপত্তা জোরদার করা এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনার বিষয়ে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২