
শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক কর্মবাজারে তাদের প্রতিযোগিতাক্ষম করে তোলার লক্ষ্যে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার আয়োজিত এক সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, আরবি, চীনা, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, স্প্যানিশ ও ইতালীয়—এই আটটি ভাষাকে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে শুরুর দিকে আরবি, জাপানি, কোরীয়, চীনা ও ইতালীয় ভাষা শেখানোর ওপর বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। কোন বিশ্ববিদ্যালয়ে কোন ভাষা চালু করা হবে, তা নির্ধারণ করা হবে আঞ্চলিক চাহিদা, বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা এবং অবকাঠামোগত সুবিধার ওপর ভিত্তি করে। এর মাধ্যমে দেশের সব বিভাগকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে কমিশনের।
বর্তমানে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কেন্দ্র রয়েছে, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ১৩টি ভাষা শেখানোর সুযোগ প্রদান করে। নতুন কেন্দ্রগুলোর জন্য ইউজিসি আধুনিক ভাষা ল্যাব স্থাপন, জনবল কাঠামো তৈরি এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। এছাড়া প্রশিক্ষিত শিক্ষক তৈরির পাশাপাশি প্রয়োজনে বিদেশি ভাষা বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে।
বিএমইটির তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কোন অঞ্চলে কোন ভাষার চাহিদা বেশি, তা চিহ্নিত করা হবে। অধ্যাপক মামুন আহমেদ আরও নিশ্চিত করেছেন যে, এই কেন্দ্রগুলো যাতে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত না হয় এবং শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত শিক্ষা পেতে পারে, সেজন্য ইউজিসি কঠোর নজরদারি বজায় রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২