
সরকার পরিচালনার ১৮০ দিন পূর্তিতে জনমতের ওপর পরিচালিত এক জাতীয় জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রীর কাজে ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ সন্তুষ্ট। তবে সরকারের সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টির হার তুলনামূলক কম, যা ৫৪ দশমিক ৫ শতাংশ। ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক এই জরিপটি পরিচালনা করেছে স্বাধীন জনমত গবেষণা প্রতিষ্ঠান ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড। বুধবার (১৯ আগস্ট) বেসরকারি প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিংয়ের অর্থায়ন ও সহায়তায় জরিপের এই ফলাফল প্রকাশ করা হয়।
জরিপের প্রতিবেদনে ডপলার রিসার্চ জানিয়েছে, সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড নিয়ে জনমতের যে চিত্র উঠে এসেছে, তা ‘সতর্ক আশাবাদ’ হিসেবে বিবেচিত হতে পারে। মানুষ সরকার ও প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট থাকলেও দেশ কোন পথে চলছে তা নিয়ে তারা বিভক্ত। দৈনন্দিন জীবনে উন্নতির বিষয়েও জনমত এখনও অস্পষ্ট। জরিপে অংশ নেওয়া ২১ দশমিক ৬ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে অসন্তোষ প্রকাশ করেছেন এবং ১২ দশমিক ১ শতাংশ কোনো মতামত দেননি।
বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয়ভেদে প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির হার ৬১ দশমিক ৭ থেকে ৭০ দশমিক ৩ শতাংশের মধ্যে রয়েছে। দেশের আটটি বিভাগেই এই হার ৬২ দশমিক ৩ শতাংশের বেশি। এমনকি অন্য দলের সমর্থকদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা পরিলক্ষিত হয়েছে। জামায়াতে ইসলামীর সমর্থকদের ৬৫ দশমিক ৫ শতাংশ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের ৬৫ দশমিক ৮ শতাংশ এবং আওয়ামী লীগের সমর্থকদের ৫২ দশমিক ৫ শতাংশ প্রধানমন্ত্রীকে নিয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন।
সরকারের সামগ্রিক কাজের মূল্যায়নে দেখা গেছে, ৫৪ দশমিক ৫ শতাংশ মানুষ কাজকে ভালো বলেছেন এবং ৩২ দশমিক ৯ শতাংশ খারাপ বলেছেন। দেশ সঠিক পথে চলছে বলে মনে করেন ৪৮ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা, আর ৩৫ দশমিক ৬ শতাংশ মনে করেন দেশ ভুল পথে চলছে। ১৫ দশমিক ৮ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি। সামগ্রিকভাবে বিএনপি সমর্থকদের ৬৫ দশমিক ৫০ শতাংশ, জামায়াত সমর্থকদের ৪৪ শতাংশ এবং এনসিপি সমর্থকদের ৫৫ দশমিক ২০ শতাংশ মনে করেন দেশ সঠিক পথে চলছে। আওয়ামী লীগের সমর্থকদের ক্ষেত্রে এই হার সর্বনিম্ন, ৩৪ দশমিক ৪০ শতাংশ।
জরিপে বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিকে দেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৫৯ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা বিদ্যুৎ ও জ্বালানিকে এবং ৫৯ দশমিক ১ শতাংশ নিত্যপণ্যের দামকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। সরকারের কাজের মূল্যায়নে ৮৯ দশমিক ৪ শতাংশ বিদ্যুৎ ব্যবস্থাপনা, ৭৯ দশমিক ৬ শতাংশ জ্বালানি ও গ্যাস এবং ৬৯ দশমিক ১ শতাংশ নিত্যপণ্যের দামের ক্ষেত্রে সরকারের কাজকে খারাপ বলে মন্তব্য করেছেন।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি ভবিষ্যতের বিষয়ে কিছুটা আশাবাদ রয়েছে। ৪৬ দশমিক ৫ শতাংশ জানিয়েছেন, এক বছর আগের তুলনায় তাদের পরিবারের অবস্থা খারাপ হয়েছে। তবে ৩৮ দশমিক ১ শতাংশ আশা করছেন, আগামী ১২ মাসে পরিবারের অবস্থা ভালো হবে। এছাড়া ফ্যামিলি কার্ডের প্রতি ৭৮ দশমিক ৬ শতাংশ, করনীতির প্রতি ৭০ দশমিক ৭ শতাংশ এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রতি ৭০ শতাংশ উত্তরদাতা সমর্থন জানিয়েছেন।
বিরোধী নেতাদের গ্রহণযোগ্যতার বিষয়ে জরিপে দেখা গেছে, জামায়াতে ইসলামীর আমিরের কাজকে ভালো বলেছেন ৪৭ দশমিক ৭ শতাংশ এবং এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়কের কাজকে ভালো বলেছেন ৩৯ দশমিক ৮ শতাংশ। এই জরিপটি পরিচালনার জন্য ইনোভিশন কনসালটিংয়ের ধারাবাহিকতায় ২০২৫ সালের সেপ্টেম্বরে ১০ হাজার ৪১৩ জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাদের মধ্যে ৩ হাজার ৪৪৩ জন জরিপে অংশ নেন, যারা দেশের ৬৪টি জেলার ৪৮৯টি ওয়ার্ড ও গ্রামের প্রতিনিধিত্ব করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২