
কারাবন্দী সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে তাঁর স্বামীর শেষ বিদায় ও জানাজায় অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁর এই প্যারোলে মুক্তি কার্যকর থাকবে। মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এই আবেদন মঞ্জুর করেছেন।
আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারা চার দিনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করলেও জেলা প্রশাসক দিনের আলোতে ১২ ঘণ্টার আবেদন মঞ্জুর করেছেন। আগামী ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে বলে তিনি উল্লেখ করেন। আইন অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ারে দিনের আলোতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির বিধান রয়েছে। আইনজীবী বলেন, তারা আইনগতভাবেই এই প্যারোল পেয়েছেন, তবে সরকার চাইলে আরও বেশি সময়ের জন্য মুক্তি দিতে পারত।
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ গতকাল মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইনজীবী জানান, দীপু মনির কারাবরণের দুই বছর পূর্ণ হয়েছে। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও কারাগারের বাইরে তাঁর সঙ্গে সাক্ষাতের একাধিক আবেদন আগে নাকচ করা হয়েছিল। স্বামীর মৃত্যুর পরই কেবল তিনি প্যারোলে মুক্তির সুযোগ পেলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় আসামি হয়ে বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন দীপু মনি। আজ বুধবার সকালে তাঁর মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম কারাগারে গিয়ে দীপু মনির সঙ্গে দেখা করেন। পরে তাঁরা প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টায় পুলিশ পাহারায় দীপু মনিকে মুন্সিগঞ্জ কারাগার থেকে নিয়ে যাওয়া হবে। প্রয়াত তৌফিক নেওয়াজের মরদেহ সকালে প্রথমে ঢাকার কলাবাগানে তাঁর নিজ বাসভবনে নেওয়া হবে, যেখানে দীপু মনি তাঁর স্বামীর মরদেহ শেষবারের মতো দেখবেন। এরপর মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ জোহর জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২