
দীর্ঘ ১৬৬ দিন নেতৃত্বশূন্য থাকার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। বুধবার সকাল ৯টার দিকে তিনি নতুন দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে নিয়ে দুদক কার্যালয়ে উপস্থিত হন। এরপর সকাল ১০টায় তারা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন। এই সভায় দুদক সচিব সাইদুর রহমান, মহাপরিচালক এবং উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬(১) ধারা অনুযায়ী প্রথমে তাদের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং পরে একই আইনের ৫(১) ধারা অনুযায়ী বিচারপতি আসাদুজ্জামানকে তাদের মধ্য থেকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তারা পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। এর আগে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ গত ৩ মার্চ পদত্যাগ করেছিলেন।
নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি অবসরে যান। আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই বিচারপতি ১৯৮৩ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন। পরবর্তীতে ১৯৮৫ সালে হাইকোর্টে এবং ২০০১ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর ২০০৫ সালের ২৭ আগস্ট তিনি স্থায়ী বিচারপতি হন। সর্বশেষ ২০২৫ সালের ২৫ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২