
ভোলার চরফ্যাশন উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়’ বর্তমানে তীব্র শিক্ষক ও প্রশাসনিক জনবল সংকটে পড়েছে। প্রায় ১২০০ শিক্ষার্থীর এই বৃহৎ প্রতিষ্ঠানে অনুমোদিত ১৭টি শিক্ষক পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৯ জন। ফলে ৮টি শিক্ষক পদ দীর্ঘসময় ধরে শূন্য রয়েছে। এছাড়া প্রধান শিক্ষকের পদটিও শূন্য থাকায় সহকারী প্রধান শিক্ষক তাসলিমা বেগম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষক সংকটের পাশাপাশি দাপ্তরিক জনবলের অভাবও প্রকট। প্রতিষ্ঠানে দুইটি অফিস সহায়কের পদ থাকলেও বর্তমানে কোনো অফিস সহায়কের অস্তিত্ব নেই। ফলে পাঠদান ছাড়াও পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন, ফলাফল প্রস্তুত এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজের চাপ বিদ্যমান ৯ জন শিক্ষকের ওপর পড়েছে। নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি পরীক্ষা ও এসএসসি পরীক্ষার মতো একাডেমিক কার্যক্রম সামলাতে গিয়ে শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে।
বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিভাবক সমাবেশে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, শিক্ষক স্বল্পতার কারণে শ্রেণিকক্ষ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর যথাযথ নজরদারি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, তদারকির অভাবে শিক্ষার্থীরা কিশোর গ্যাং, মাদক বা ইভটিজিংয়ের মতো অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত আইনগতভাবে প্রমাণিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অভিভাবক ও শিক্ষাবিদ ইলিয়াস হোসেন বলেন, ১২০০ ছাত্র-ছাত্রীকে মাত্র ৯ জন শিক্ষকের মাধ্যমে শ্রেণিকক্ষ পরিচালনা করা আদৌ সম্ভব নয়। তিনি প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাছলিমা বেগম শিক্ষক ও জনবল সংকটের বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি তিনি প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করবেন। তিনি আরও উল্লেখ করেন, চরম সংকট সত্ত্বেও বর্তমান ৯ জন শিক্ষক কঠোর পরিশ্রম করে পাঠদান চালিয়ে যাচ্ছেন।
বিদ্যালয়টির সভাপতি ও চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ বলেন, প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূরীকরণে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এছাড়া প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আলোচনা করে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের বিষয়টি সুরাহা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২