
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় ফলাফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড ১৩ লাখ আবেদন জমা পড়েছে। এই বিপুল সংখ্যক আবেদনের বিষয়টি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে।
রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে সোমবার ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, জিপিএ-৫ বা গোল্ডেন এ প্লাস পাওয়ার পরও শিক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করছে, কারণ ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের বিপুল সংখ্যক খাতা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য হওয়ায় সরকার নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে। নতুন এই নীতিমালার আওতায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ পাবে তা নির্দিষ্ট করে দেওয়া হবে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান জানান, গত ১৭ আগস্ট রাত ১২টায় আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর পর্যন্ত ১৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে। গত ১১ আগস্ট থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।
এর আগে ১০ আগস্ট ফল প্রকাশের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কোনো শিক্ষার্থীকে ভুল নম্বর দেওয়া হলে বা প্রাপ্য নম্বর না দেওয়া হলে তা সংশোধনের জন্য রিভিউ কমিটি গঠন করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, আগে শুধুমাত্র ট্যাবুলেশন শিট এবং যোগফল যাচাই করা হলেও এবার আইনগতভাবে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে। এতদিন পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত ওএমআর শিট এবং নম্বর যোগফলের অসংগতি যাচাই করা হতো, খাতা পুনরায় মূল্যায়ন করা হতো না। এবার নতুন পদ্ধতিতে তৃতীয় পরীক্ষকের মাধ্যমে খাতা পুনরায় যাচাই বা মূল্যায়নের পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২