
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় দুটি কৃষি পণ্য কাঁচা মরিচ ও টমেটোর সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির ক্ষেত্রে শুল্ক-কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এই সিদ্ধান্তের ফলে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে বিদ্যমান করভার বড় পরিসরে কমে আসবে। বর্তমানে এ দুটি পণ্য আমদানিতে মোট ৬১ শতাংশ কর দিতে হয়। মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে এই করভার কমিয়ে ২০.৫ শতাংশ করা হবে। এর পরবর্তী মাসে তা নির্ধারণ করা হবে ৩১ শতাংশ। নির্দিষ্ট মেয়াদের জন্য আমদানিকারকরা এই শুল্ক-কর ছাড়ের সুবিধা পাবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষার বিষয়টি বিবেচনা করে সরকার এই নীতিগত পদক্ষেপ নিয়েছে। কাঁচা মরিচ ও টমেটো দেশের মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় বহুল ব্যবহৃত দুটি কৃষি পণ্য।
তবে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, দেশের অভ্যন্তরে মৌসুমি উৎপাদন ব্যাহত হওয়া, সরবরাহ ব্যবস্থার নানা ত্রুটি ও উৎপাদন ঘাটতির কারণে এই পণ্যগুলোর বাজারমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়। এই পরিস্থিতি মোকাবিলায় এবং বাজারে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে দাম সহনীয় পর্যায়ে রাখতেই জনস্বার্থে এই শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২