
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে একটি প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র তৈরির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে মো. রেদুয়ান আহমেদ নামে এক ব্যক্তিকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার একটি ভুয়া অফিস আদেশ তাদের নজরে এসেছে। ১০ আগস্ট ইস্যু করা ওই ভুয়া আদেশে বলা হয়েছে, জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজস্ব খাতে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হয়েছে এবং তা ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। তবে উপসচিব শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, তার শাখা থেকে এমন কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি।
মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগের কোনো সুযোগ নেই। চাকরিপ্রার্থীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অসাধু চক্র ভুয়া নিয়োগপত্র ও বিজ্ঞপ্তি তৈরি করে প্রতারণা করছে। তাই কোনো চক্রের সঙ্গে আর্থিক লেনদেন বা চুক্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং বিভিন্ন পর্যায়ের তথ্য এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানানো হয়। এ ছাড়া সব নিয়োগ বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হয়। চাকরিপ্রার্থীদের যেকোনো তথ্য যাচাই করতে মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২