
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, তার মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সিন্ডিকেট রয়েছে এবং তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এসব সমস্যা দূর করার চেষ্টা করছেন। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জের মুন্নু ক্যাফেটেরিয়া মিলনায়তনে জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্টদের পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমি যখন মন্ত্রণালয়ে ঢুকলাম, তখন প্রত্যেকটি সেক্টরে বিশাল সম্ভাবনা দেখতে পেয়েছি। এটি কোনো লোকসানি প্রকল্প নয়। আমরা যদি সততার সঙ্গে কাজ করি, তাহলে বিমান বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বুকেও নিজের নাম ছড়াতে পারবে। আমার মূল চেষ্টা সেদিকেই। তিনি আরও বলেন, আমি সারাজীবন মন্ত্রণালয়ে থাকব না, তবে চেষ্টা করছি যাতে সবাই বলতে পারে—আপা এসেছিলেন এবং তিনি পরিবর্তনের শুরুটা করে দিয়েছেন। এই স্বীকৃতিটুকু পেলেই আমার ভালো লাগবে।
নাভানা লিমিটেডের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জাহিদুল হকের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটন খাত বর্তমানে দেশের অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র। বৈশ্বিক ও দেশীয় অর্থনীতিতে স্থিতিশীলতা এবং সরকারের রূপকল্প বাস্তবায়নে এই মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম। একজন গতিশীল নেতা হিসেবে মন্ত্রী আফরোজা খানম প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পর্যটন শিল্পকে কার্যকরভাবে তুলে ধরতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মানিকগঞ্জ থেকে উঠে আসা দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত সিএ ও সিএমএরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দেশের অর্থনীতি ও পর্যটন খাতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশায় অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে মন্ত্রী ও মানিকগঞ্জের অ্যাকাউন্ট্যান্টদের মধ্যে স্মারক ক্রেস্ট বিনিময় করা হয় এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২