
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বলেন, রাজধানী ঢাকায় দেশি-বিদেশি কূটনীতিকসহ সব স্তরের মানুষের বসবাস। ফলে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তিনি মাঠপর্যায়ের কাজের গতিশীলতা বাড়াতে সিনিয়র কর্মকর্তাদের সরাসরি মনিটরিং ও তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক তদারকি থাকলে নিচের স্তরের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে উৎসাহিত হন।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থে ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিল বা ইচ্ছাকৃত ভুলের দায় পুলিশ বাহিনী নেবে না এবং এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, দল-মত নির্বিশেষে পুলিশের একটাই পরিচয়—আমরা আইন ও জনগণের সেবক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। বর্তমান সময়ে সাইবার অপরাধ, গুজব এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও 'মিস ইনফরমেশন' মোকাবিলা করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে অকার্যকর করার ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।
মতবিনিময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২