
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাল বা ক্যানেল যদি সরকারি দলের নেতাকর্মীদের দখলে থেকেও থাকে, তবে তা উদ্ধার করে পুনঃখনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া ও রূপসী স্লুইসগেট এলাকাও পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী বলেন, পাঁচজন মানুষের স্বার্থের জন্য যদি পাঁচ লাখ মানুষ পানিবন্দি থাকে, তবে সেই পাঁচ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে সরকার কাজ করবে। ওই প্রভাবশালী দখলদারদের কাছ থেকে খালের জমি উদ্ধারে প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি স্থানীয়দের সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খাল উদ্ধারের কাজ শুরু করা হবে।
রূপগঞ্জের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, রূপগঞ্জ থাকার কথা ছিল রূপে ভরপুর, অথচ এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে বিগত সময়ে কোনো উন্নয়নমূলক কাজই হয়নি। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্টরা লুটপাটে ব্যস্ত ছিল এবং সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে খাল দখল ও ভরাট হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, যতই শক্তিশালী হোক না কেন, সরকারি নদী, নালা, খাল-বিল বা জমি কেউ দখল করে রাখতে পারবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে প্রথম খাল খননের কাজ শুরু হয়েছিল, যা পরবর্তী ফ্যাসিস্ট শাসনামলে বন্ধ করে দেওয়া হয়। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও সেই খাল খননের কাজ শুরু করেছেন এবং দ্রুতই দেশের মানুষ এর সুফল পেতে শুরু করবেন।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়সহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন এবং ভুলতা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২