
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল, সংসদ ভবনে ভোটগ্রহণের সার্বিক ব্যবস্থাপনা এবং প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত করা হবে। সভায় ভারপ্রাপ্ত স্পিকারের পাশাপাশি সংসদ সচিবালয়ের সচিব, সিইসি এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে এখন পর্যন্ত জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে। ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর থেকে এখন পর্যন্ত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এবার যদি দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে ১৯৯১ সালের পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হবে। সে সময় তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেছিলেন, যদিও জাতীয় পার্টি ও জামায়াতসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা সেই ভোটদান থেকে বিরত ছিলেন। গত রোববার জামায়াত জোট প্রার্থী ঘোষণার পর নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি শুরু করেছে এবং তারই ধারাবাহিকতায় আজ এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২