
ইসলামী ব্যাংক পিএলসি থেকে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও এস আলমসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী সম্প্রতি এই অভিযোগটি দাখিল করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণের পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামক একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির আশ্রয় নিয়ে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়। পরবর্তীকালে এই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।
দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ঋণ অনুমোদনের সঙ্গে জড়িত ছিলেন। তারা অনৈতিকভাবে ঋণ অনুমোদন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। এছাড়া অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডকে অবৈধভাবে ঋণ পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলম বিশেষ ভূমিকা রেখেছেন।
ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো ঘটনার তদন্ত চালানো হয়েছে। তদন্তে ঋণ অনুমোদন ও অর্থ উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম ও অসঙ্গতি পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২