
কারিগরি ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীরা। রোববার দুপুরে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে, যার মাধ্যমে যাত্রীদের প্রায় ২৮ ঘণ্টার অবর্ণনীয় দুর্ভোগের অবসান হলো।
জানা গেছে, কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। শুক্রবার রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতির সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব না হওয়ায় ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয় এবং যাত্রীদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। উড়োজাহাজটি সচল করার জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে বিমানের একটি প্রকৌশলী দল রোমে পৌঁছায়। পরে প্রকৌশলীদের নিবিড় প্রচেষ্টায় উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের উপযোগী করা হয় এবং যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।
এদিকে, এই দীর্ঘ সময়ে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইতালির ভিসা না থাকায় অনেক বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে তাদের দীর্ঘ সময় বিমানবন্দরের ভেতরেই থাকতে হয়েছে। যাত্রীদের অভিযোগ, ত্রুটি শনাক্ত হওয়ার পর তাদের দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে বসিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে লাউঞ্জ বা বিশ্রামাগারের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা সংকুলান হয়নি, যার ফলে অনেককে মেঝেতে বা চেয়ারে রাত কাটাতে হয়েছে। এছাড়া খাবার ও প্রয়োজনীয় ওষুধ সময়মতো না পাওয়ার মতো অভিযোগও করেছেন ভুক্তভোগী যাত্রীরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২