
দীর্ঘ ১৫ বছরের আওয়ামী দুঃশাসনকে বাংলাদেশের ওপর চেপে বসা এক জগদ্দল পাথর হিসেবে অভিহিত করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ওই শাসনামলের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে জনগণের ক্ষোভেরই একটি চূড়ান্ত বিস্ফোরণ ছিল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার যৌথ আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের গুম, খুন, হত্যা ও পাশবিক নির্যাতনসহ মিথ্যা মামলা দিয়ে চরম অত্যাচার করা হয়েছে। একই সঙ্গে রেহাই পাননি বিরোধী মতের সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষও। তাদের ওপরও বর্বরোচিতভাবে নির্যাতন চালানো হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলে তা ভুল ও বিভ্রান্তিমূলক হবে বলে সতর্ক করেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, এই গণঅভ্যুত্থানের একক কোনো দাবিদার নেই। বাংলাদেশের ১৮ কোটি জনগণই এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রকৃত অংশীদার ও মালিক।
তিনি আরও যোগ করেন, যেদিন দেশের সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এই নির্যাতন ও দুঃশাসন আর সহ্য করা হবে না, স্বৈরাচারী সরকারের অধীনে আর থাকা যাবে না এবং কোনো পার্শ্ববর্তী দেশের তাঁবেদারি করা চলবে না—সেদিনই এই গণঅভ্যুত্থানের চূড়ান্ত ফলাফল নিশ্চিত হয়েছিল।
যৌথ এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২